মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা
ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৪২০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ২৩ অক্টোবর মধ্যরাত ১ টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের মৌলভীবাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে তল্লাশির মাধ্যমে ১২ হাজার ৫০০ টাকার মূল্যের ৪২০ গ্রাম গাঁজাসহ মোঃ হাসান (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি ভোলা সদর উপজেলার বড় চর সামাইয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মোঃ তোফায়েল বেপারি এবং মায়ের নাম মিনারা বেগম।
স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. বিএন মোঃ আবুল কাশেম এসব তথ্য জানিয়েছেন।
পরে জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।