সোহেল রানা, সিংগাইর
মানিকগঞ্জের সিংগাইরে সরকারি খাস জমি দখলমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা পুলিশ ফাঁড়ির পাশে এ অভিযান পরিচালনা করেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাবেল উদ্দিন খান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধল্লা পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে সরকারি খাস খতিয়ানের জমিতে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দখল করে রেখেছিলেন। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হলেও তারা দখল না ছাড়ায় বৃহস্পতিবার দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে নির্মিত কয়েকটি পাকা ও আধাপাকা স্থাপনা ভেঙে ফেলা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সিংগাইর থানার পুলিশ সদস্যরা।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাবেল উদ্দিন খান বলেন, “সরকারি খাস জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে কেউ যেন দখল রাখতে না পারে, সে বিষয়টি প্রশাসন খুব গুরুত্ব সহকারে দেখছে। সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।”
স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,
“এ ধরনের নিয়মিত অভিযানই পারে সরকারি সম্পদ দখলমুক্ত রাখতে।”