নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামের তিন বছরের শিশু অঙ্কিতা সাহা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগে ভর্তি হয়েছে।
বর্তমানে ডা. এ টি এম আতিকুর রহমানের তত্ত্বাবধানে অঙ্কিতার চিকিৎসা চলছে। এই অসুস্থ শিশুর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
বুধবার (২২ অক্টোবর) ব্যারিস্টার কায়সার কামাল জানান, “গতকাল অঙ্কিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আজ থেকেই তার কেমোথেরাপি শুরু হচ্ছে।” তিনি আরও বলেন, মানুষের পাশে দাঁড়ানো বিএনপির নীতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘মানুষের পাশে বিএনপি’ প্রতিশ্রুতি থেকেই মানবিক দায়বদ্ধতায় এই উদ্যোগ নিয়েছেন।
কায়সার কামাল বলেন, “অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, এটি মানবতার সেবা। অঙ্কিতার মতো একটি ছোট শিশুর জীবনের জন্য লড়াই করা আমাদের সামাজিক ও নৈতিক কর্তব্য।” তিনি সবার কাছে অঙ্কিতার দ্রুত আরোগ্যের জন্য দোয়া প্রার্থনা করেছেন।
অঙ্কিতার পরিবার জানায়, শিশুটি বর্তমানে পিজি হাসপাতালের ডি ব্লকের তৃতীয় তলায় চিকিৎসাধীন। চিকিৎসা ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব ছিল না। তাই ব্যারিস্টার কায়সার কামালের সহায়তা তাদের কাছে এক আশীর্বাদ হিসেবে এসেছে। পরিবারটি দেশবাসীর কাছে শিশুটির সুস্থতার জন্য দোয়া ও সহানুভূতির আহ্বান জানিয়েছে।