আমজাদ শিবলু : সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দুদক সূত্রে জানা যায়, ব্যাংকের সাবেক দত্তেরহাট শাখা ব্যবস্থাপক মো. আলমগীর গত এক বছর আগে সেনবাগ শাখায় যোগ দেন। এরপর তিনি বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে ৪২ জন ভুয়া গ্রাহকের নামে প্রায় ১ কোটি ৪১ লাখ টাকার ঋণ দেখিয়ে আত্মসাৎ করেন।
অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় দুদক অভিযান শুরু করে। তবে অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যান অভিযুক্ত ব্যবস্থাপক। দুদক কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান সেনবাগের গণমাধ্যম কর্মীদের জানান, তদন্তে অনিয়মের প্রমাণ মিলেছে। ঘটনাটি যাচাই শেষে প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। অভিযানের পর পুরো এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।