মঈন উদ্দীন বান্দরবান প্রতিনিধিঃ
তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে বান্দরবান পৌরসভায় বসবাসরত গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর২০২৫) পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবতার সর্বোচ্চ উদাহরণ। সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে অংশ নেওয়া উচিত।”
ক্যাম্পে দরিদ্র রোগীদের চক্ষু চিকিৎসা ও ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়া চোখের ছানিসহ জটিল রোগীদের জন্য বান্দরবান পৌরসভার অর্থায়নে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক,
প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়েজুর রহমান,পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম,
বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের ডা. নুরুল ইসলাম ফাহিম,হিসাব রক্ষণ কর্মকর্তা মো. নুরুল আমিন চৌধুরী আরমান,প্রশাসনিক কর্মকর্তা করুণা কান্তি বড়ুয়াসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও নয়টি ওয়ার্ডের বাসিন্দারা।ক্যাম্পে আগত রোগীদের চোখ, রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের পরীক্ষা করা হয় এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে ওষুধ প্রদান করেন।
এই মানবিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে স্থানীয়রা বলেন,পৌরসভার এমন উদ্যোগ গরিব মানুষদের চিকিৎসা পাওয়ার নতুন সুযোগ করে দিয়েছে। বান্দরবান পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।