সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে এবার লালমনিরহাট জেলার পাঁচটি কলেজে কোনো শিক্ষার্থীই পাস করেনি। এতে করে জেলার শিক্ষাব্যবস্থা ও মান নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে জানা যায়, লালমনিরহাট জেলার এই পাঁচটি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া একজন শিক্ষার্থীও কৃতকার্য হতে পারেনি। শূন্য পাসের তালিকায় থাকা কলেজগুলো হলো: কালীগঞ্জ উপজেলার সোনারজাট স্কুল ও কলেজ,
শিয়াল খাওয়া কলেজ এবং দক্ষিণ ঘানাশ্যাম স্কুল ও কলেজ। এছাড়াও হাতীবান্ধা উপজেলার আমিনুর রহমান কলেজ এবং আদিতমারী উপজেলার ভেলাবাড়ী স্কুল ও কলেজ থেকে কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি।
দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার এই পাঁচ কলেজসহ বোর্ডের ৪৩টি প্রতিষ্ঠানে পাসের হার শূন্য।
সামগ্রিকভাবে বোর্ডের পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও এবার গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।
একদিকে যেখানে লালমনিরহাট সরকারি কলেজের মতো প্রতিষ্ঠান ভালো ফল করেছে, সেখানে জেলার অন্যান্য কলেজের এমন অপ্রত্যাশিত ব্যর্থতা জেলার শিক্ষার সামগ্রিক চিত্রকে প্রশ্নবিদ্ধ করেছে।
কলেজগুলোতে প্রয়োজনীয় শিক্ষক ও মানসম্মত পাঠদানের অভাবই এমন খারাপ ফলের কারণ বলে মনে করছেন শিক্ষাবিদরা। শিক্ষা প্রশাসনকে অবিলম্বে এই কলেজগুলোর মান উন্নয়নে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে অভিভাবক মহল।