সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন (৪৮) ও বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রহমান ইকবালকে (৫৭) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের ভেলারপাড়া এলাকায় হাবিবপুর-কেটরা পাকা সড়কের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাফিজুর রহমান বরিশালের উজিরপুর উপজেলার ৪ নম্বর ওটরা ইউনিয়নের কেশবকাঠি গ্রামের বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উজিরপুর উপজেলা শাখার সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। মাহমুদুল আজাদ বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চর কলোনি মহল্লার বাসিন্দা। তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ ও থানা সূত্রে জানা যায় , দুজনই ঢাকার রমনা থানায় চলতি বছরের সেপ্টেম্বর মাসে করা একটি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি। এ ছাড়া তাঁরা নিজ নিজ থানায় (উজিরপুর ও বরগুনা) পৃথক দুটি করে মামলার পলাতক আসামি।
দিনাজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় গত ১৬ অক্টোবর ২০২৫ খ্রি. রাত ৮ ঘটিকায় বিরামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিরামপুর থানাধীন ০১ নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদ অন্তর্গত ভ্যালার পাড় ব্রিজের পার্শ্বে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় ০২ (দুই) জন সন্দেহভাজন ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে ঘোরাফেরা করছে।
তাঁদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে স্থানীয় যুবকেরা জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে ওই দুই ব্যক্তি কখনো বলেন, তাঁরা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন; আবার কখনো জানান, জরুরি কাজে এলাকায় এসেছেন। তাঁদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় যুবকেরা বিরামপুর থানা-পুলিশকে খবর দেন।
উক্ত সংবাদের প্রেক্ষিতে বিরামপুর থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত সন্দেহভাজন দুই ব্যক্তিকে চিহ্নিতপূর্বক পুলিশি হেফাজতে নেয় এবং প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, বিরামপুর থানা এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আটক দুজনের নামে তাদের নিজ এলাকায় তিনটি করে রাজনৈতিক মামলা রয়েছে।