রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গাছ কাটতে গিয়ে জুলহাস ফরাজি (৩৬) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুলহাস ফরাজি একই ইউনিয়নের হরিদ্রাখালী গ্রামের মৃত নুর মোহাম্মদ ফরাজির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুলহাস ফরাজি আরও পাঁচজন শ্রমিকসহ চুক্তিভিত্তিক কাজে পাশের গ্রাম কাউখালীতে গাছ কাটতে যান। কাজের একপর্যায়ে তিনি দড়ি (রশি) বেঁধে গাছে উঠছিলেন। এসময় পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জুলহাস ফরাজি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যেহেতু এটি একটি দুর্ঘটনা এবং পরিবার কোনো অভিযোগ করেনি, তাই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।