জিয়াউর রহমান,পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে ওয়ার্ড বিএনপি’র এক নেতাকে পিটিয়ে আহত করে সুপারি কেনার এক লক্ষ দশ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের মধ্য জোলাগাতী গ্রামের জয়নাল খানের ছেলে ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাখাওয়াত হোসেন খান (৪৮) বাড়ি থেকে মোল্লারহাট বাজারে যাওয়ার পথে এ হামলার শিকার হন।
অভিযোগ রয়েছে, একই এলাকার নূর মোহাম্মদের তিন ছেলে—নিষিদ্ধ ঘোষিত ওয়ার্ড ছাত্রলীগের কর্মী মাসুদ হোসেন, আব্বাস হোসেন ও এমাদুল হকসহ তাদের সহযোগীরা পিছন থেকে সাখাওয়াতের ওপর হামলা চালিয়ে তার পকেটে থাকা ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
আহত সাখাওয়াত হোসেন ডাক চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় সাখাওয়াত হোসেন জানান, “আমি সুপারি কেনার জন্য পাইকারি ব্যবসায়ীদের টাকা দিতে মোল্লারহাট যাচ্ছিলাম। পথেই তারা আমাকে আক্রমণ করে টাকাগুলো ছিনিয়ে নেয়।”
এ ঘটনায় কাউখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, “এখনও লিখিত অভিযোগ পাইনি, তবে মৌখিকভাবে বিষয়টি জেনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”