সাইফুল ইসলাম, কলাপাড়া
ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফগার মেশিনের মাধ্যমে স্প্রে ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহিপুরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী। এতে বাজারের ব্যবসায়ী, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাউছার হামিদ বলেন, উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ছে। তাই ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। সাধারণ চিকিৎসায় এটি সেরে যায়, তবে হেমোরেজিক ডেঙ্গু মারাত্মক হতে পারে। এডিস মশার বংশবিস্তার রোধের মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।
এসময় তিনি আরও বলেন, যারা খাল দখল করে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করেছেন, তাদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। খুব শিগগিরই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
এছাড়া, এডিস মশা প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর মেয়র ও প্রতিটি ইউনিয়ন চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়ছে।
অভিযান পরিচালনা প্রসঙ্গে মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী বলেন, এই অভিযান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গ্রাম পুলিশ, সিপিপি সদস্য এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের সমন্বয়ে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত রহমান, উপজেলা সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জসিমউদ্দিন ও উপসহকারী কৃষি কর্মকর্তা আসরাফ আলী।