মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ‘রাসেল–ফয়সাল বাহিনী’ নামে একটি সংঘবদ্ধ চক্রের অবৈধ অস্ত্র দিয়ে প্রশিক্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১ মিনিট ১৭ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটিতে চারজন যুবককে জনশূন্য স্থানে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে গুলি চালাতে এবং অন্যদের অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিতে দেখা যায়। ঘটনাটি উপজেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওতে থাকা ব্যক্তিরা হলেন—বাঘরা এলাকার রাসেল, কামারখোলা গ্রামের ফয়সাল, মথুরা পাড়ার আহির (টুপি পরিহিত) এবং একই এলাকার অর্পণ (কালো পাঞ্জাবি পরিহিত)। যদিও ভিডিও দেখে সুনির্দিষ্ট স্থান নির্ধারণ করা সম্ভব হয়নি, তবে ধারণা করা হচ্ছে ঘটনাস্থল উপজেলার বাঘরা গ্রামেই।
ভিডিওতে বাহিনীর কথিত প্রধান রাসেলের মুখ দেখা না গেলেও, তার কণ্ঠ স্পষ্টভাবে শোনা যায়। সেখানে ফয়সাল নামে এক যুবককে আহির নামের অপর যুবককে গুলি ছোঁড়ার প্রশিক্ষণ দিতে দেখা গেছে।
এ বিষয়ে রাসেলের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান, রাসেলের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন বেআইনি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান বলেন, “ভিডিওটি আমাদের নজরে এসেছে। ঘটনাটি যাচাই-বাছাই করে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। তাদের গ্রেফতারে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে।”
পুলিশ জানায়, ভিডিওর সত্যতা নিশ্চিত করতে প্রযুক্তিগত বিশ্লেষণসহ স্থানীয়ভাবে অনুসন্ধান চালানো হচ্ছে। দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।