সাইফুল ইসলাম, কলাপাড়া
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া গ্রামের দিনমজুর যুবক ইয়াসিন ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন।
চিকিৎসার জন্য প্রয়োজন মাত্র দেড় লাখ টাকা, কিন্তু অর্থাভাবে থমকে গেছে তার চিকিৎসা কার্যক্রম।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসিন পেশায় একজন সাধারণ দিনমজুর। দশ বছর আগে বাবাকে হারানোর পর থেকেই তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বৃদ্ধ মা, স্ত্রী ও তিন সন্তান নিয়ে গঠিত পাঁচ সদস্যের পরিবারটি পুরোপুরি নির্ভরশীল ইয়াসিনের আয়ের উপর। সামান্য উপার্জনে কোনোভাবে সংসার চালালেও এখন অসুস্থ হয়ে তিনি সম্পূর্ণ কর্মক্ষমতা হারিয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি চিকিৎসকরা ইয়াসিনের শরীরে ক্যান্সার শনাক্ত করেছেন। উন্নত চিকিৎসার জন্য ভারতের একটি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু প্রয়োজনীয় দেড় লাখ টাকা জোগাড় করতে না পারায় চিকিৎসা কার্যক্রম প্রায় বন্ধ।
ইয়াসিনের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে ছাড়া আমাদের কেউ নেই। ওর চিকিৎসা না হলে আমরা সবাই অনাহারে মরব। মানুষের কাছে সাহায্য চাইতেও এখন লজ্জা লাগে।
ইয়াসিনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। অনেকেই ব্যক্তিগত উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, তবে চিকিৎসা চালিয়ে যেতে এখনো প্রয়োজন বড় অঙ্কের অর্থ ।
স্থানীয়রা বলেন, একজন মানুষের জীবন বাঁচাতে মাত্র দেড় লাখ টাকা দরকার। সামান্য সহানুভূতিই পারে ইয়াসিনকে জীবনের আলোয় ফিরিয়ে আনতে।
অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এলাকার সমাজসচেতন ও হৃদয়বান মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।