জিয়াউর রহমান , পিরোজপুর
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে পিরোজপুরের কাউখালিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকারের অপরাধে দুই জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত জেলেরা হলেন— পলাশ হাওলাদার (৪৫) ও আব্দুল আউয়াল (২৭)। তারা দুজনেই কাউখালী উপজেলার সুবিদপুর গ্রামের বাসিন্দা। পলাশ হাওলাদার আমির আলীর ছেলে এবং আব্দুল আউয়াল ইয়াছিন হাওলাদারের ছেলে।
রোববার (১২ অক্টোবর) ভোররাত ৩টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি দল বাদামতলা এলাকার কঁচা ও সন্ধ্যা নদীর মোহনায় অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৩ হাজার মিটার অবৈধ জালসহ দুই জেলেকে আটক করা হয়।
মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন,“নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু জেলেরা মা ইলিশ শিকার করছিল। অভিযান চালিয়ে দুই জেলেকে জালসহ আটক করে আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।”
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বজল মোল্লা বলেন,“মা ইলিশ রক্ষায় সরকারের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় দুই জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সরকার ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ আহরণ, বিক্রি, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা জারি করেছে। প্রশাসনের নিয়মিত অভিযানে ইতোমধ্যেই জেলার বিভিন্ন স্থানে একাধিক জেলেকে শাস্তি দেওয়া হয়েছে।