সাইফুল ইসলাম, কলাপাড়া
ভ্যাট কর্মকর্তার অশোভন আচরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পর্যটন নগরী কুয়াকাটায়। এ ঘটনায় ক্ষুব্ধ হোটেল-মোটেল মালিকরা ওই কর্মকর্তার দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
রবিবার বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইদ হাসান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গত ৮ অক্টোবর (বুধবার) বিকেল ৪টার দিকে সহকারী কমিশনার (ভ্যাট) এ. কে. এম. জামিউল আলম কুয়াকাটার হোটেল সৈকত-এর রিসেপশনে উপস্থিত হয়ে ভ্যাট সংক্রান্ত বিষয়ে হোটেলের ম্যানেজারের সঙ্গে দুর্ব্যবহার করেন।
তিনি আরও বলেন, ওই সময় হোটেল মালিক উপস্থিত না থাকায় ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে ফোনে কথা বলতে চাইলে, ভ্যাট কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে সভাপতির বিরুদ্ধে অশালীন ও অশ্রাব্য মন্তব্য করেন।
অ্যাসোসিয়েশনের নেতারা জানান, ঘটনার ভিডিওচিত্র তাদের কাছে সংরক্ষিত রয়েছে। তাদের ভাষ্যে, একজন সরকারি কর্মকর্তা হিসেবে তার এমন আচরণ সরকারি পদমর্যাদার প্রতি অসম্মান প্রদর্শন করেছে এবং প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
সংগঠনটি ৭২ ঘণ্টার মধ্যে সহকারী কমিশনার (ভ্যাট) এ. কে. এম. জামিউল আলমকে পটুয়াখালী থেকে প্রত্যাহার, তার বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছে।
অ্যাসোসিয়েশনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কুয়াকাটা পর্যটন এলাকায় সব ব্যবসায়ী সংগঠনকে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভ্যাট) এ. কে. এম. জামিউল আলম-এর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।