মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক দাবি আদায়ে ভোলা জেলা জামায়াতে ইসলামী রবিবার (১২ অক্টোবর) এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে কাবিন মসজিদ পর্যন্ত এলাকায় এই কর্মসূচিতে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা মাননীয় প্রফেসর ড. মো. ইউনুসের নিকট একটি ৫ দফা দাবিনামা সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করা হয়।
দাবিনামার প্রধান বিষয়গুলো ছিলঃ
- জুলাই সনদের আলোকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের আয়োজন,
- সংসদে উভয় কক্ষে পি.আর. পদ্ধতি চালু,
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,
- অতীতের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার করা,
- জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা।
ভোলা জেলা জামায়াতের আমির মাস্টার মো. জাকির হোসাইন নেতৃত্বাধীন প্রতিনিধি দল স্মারকলিপিটি জেলা প্রশাসক আজাদ জাহান এর হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন—
অধ্যক্ষ নজরুল ইসলাম, মুফতি মাওলানা ফজলুল করিম, নিজামুল হক নাঈম, অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ, অধ্যাপক কামাল হোসেন, পৌর আমির মো. জামাল উদ্দিন, ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।
জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ স্মারকলিপির মূল বক্তব্য পাঠ করেন।
সমাবেশে বক্তারা বলেন, “দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না। জনগণের রায়ের মাধ্যমে একটি প্রকৃত জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করতে হবে।”
ভোলা প্রেসক্লাবসহ জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সক্রিয় উপস্থিতিতে কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।