রাব্বিকুল ইসলাম, দুমকী
পটুয়াখালী জেলার দুমকীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আলীফ (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বটতলা এলাকায় লোহালিয়া নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলীফ বরগুনা জেলার লাকৈর এলাকার নিজাম আকনের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, আলীফ পটুয়াখালী সদর উপজেলার বদরপুর খালা বাড়িতে বেড়াতে এসে গত সোমবার (৬ অক্টোবর) দুপুরে পাশের নদীতে আরও কয়েকজন শিশুর সঙ্গে গোসল করতে নামে। এক পর্যায়ে সে পানিতে ডুবে যায় এবং নিখোঁজ হয়।
পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হন। বুধবার বিকেলে দুমকীর মুরাদিয়া বটতলা এলাকায় নদীতে ভাসমান মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দুমকী থানা পুলিশ ও পটুয়াখালী নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত শিশুর স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান,
“নৌ পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা এসে শনাক্ত করেছেন। এ ঘটনায় দুমকী থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”