সোহেল রানা, সিংগাইর প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ফুটপাত দখল করে দোকান বসানো ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে ব্যবসায়ী আফজালকে ২ হাজার, জহিরুলকে ১ হাজার, ফজলুল হককে ১ হাজার, দুলালকে ২ হাজার, মামুনকে ১ হাজার এবং কামরুল হাসানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন সিংগাইর থানা পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন বলেন, “জনস্বার্থে ও শৃঙ্খলা বজায় রাখতে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ফুটপাত জনগণের চলাচলের জন্য, এটি ব্যক্তিগত ব্যবসার জন্য নয়। কেউ নিয়ম ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই সিংগাইর পৌর এলাকা হোক শৃঙ্খলাপূর্ণ ও নাগরিকবান্ধব পৌর শহর।”