মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা:
বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সমুদ্র ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা রক্ষা এবং মৎস্যসম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখছে। বিশেষ করে মা ইলিশ রক্ষায় দিন-রাত ২৪ ঘণ্টা টহল ও নজরদারি চালাচ্ছে।
সম্প্রতি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটের ব্যবহার কমে আসায় সামুদ্রিক জীব বৈচিত্র্য ও মাছের প্রজনন ব্যাহত হওয়ার সম্ভাবনা কমেছে। এতে সমুদ্র ও নদীতে মাছের প্রাচুর্যতা বাড়ার আশা করা হচ্ছে।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে, ৩ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। কোস্ট গার্ড এই নিষেধাজ্ঞা কার্যকর করতে গোয়েন্দা নজরদারি, মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে জেলেদের সচেতন করছে।
জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌবাহিনী ও পুলিশসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান চালিয়ে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূল ও সমুদ্রে যেকোনো জরুরি প্রয়োজনে ১৬১১১ নম্বরে কল করলে সহায়তা পাওয়া যাবে।
মা ইলিশ সংরক্ষণ ও মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।