হাবিবুর রহমান সাগর ,জাবি প্রতিনিধি
ঢাকা-আরিচা মহাসড়কে ‘সি লাইন’ পরিবহনের (ঢাকা মেট্রো ব:১৪-৭৭৭৪) একটি বাসের ধাক্কায় আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫১তম আবর্তনের শিক্ষার্থী সোহেল রানা। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেডিও কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাস মালিক পক্ষের কাছ থেকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।
বাসচালক বকুল খন্দকার (৬০) জানান, “রেডিও কলোনির জ্যামে দাঁড়িয়ে ছিলাম। ডানপাশে সামান্য ফাঁকা জায়গায় শিক্ষার্থীর মোটরসাইকেলটি ছিল, কিন্তু আমি তা খেয়াল করিনি। জ্যাম ছাড়ার সময় না দেখেই গাড়ি চালু করি। তখন শিক্ষার্থী ঝুঁকি বুঝে ডিভাইডার টপকে লাফ দেন, এতে তার পায়ে আঘাত লাগে।” ↓
তিনি আরও বলেন, “মোটরসাইকেলটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে উভয় পক্ষের সম্মতিতে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।”
ঘটনার পর করতব্যরত এসআই আনজিল আহমেদ জানান, “আমরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করি। পরবর্তীতে উভয় পক্ষের মীমাংসার মাধ্যমে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় এবং আহত শিক্ষার্থীকে তা বুঝিয়ে দেওয়া হয়। এছাড়া চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনের ৮৭ ধারা অনুযায়ী মামলা দিয়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে গাড়িটি হস্তান্তর করা হবে।”
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. রাসেল মিয়া বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা প্রক্টর স্যারসহ ঘটনাস্থলে যাই। আহত শিক্ষার্থীকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে গাড়ি জব্দ করে মালিক পক্ষের কাছ থেকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করে আহত শিক্ষার্থীকে প্রদান করা হয়েছে।”