জিয়াউর রহমান,পিরোজপুর প্রতিনিধি:
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে পিরোজপুরের ইন্দুরকানীতে কঁচা নদীতে পরিচালিত মোবাইল কোর্টে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও কিছু জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে পরিচালিত এ অভিযানে কয়েকজন অসাধু জেলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মোহাম্মদ আলীর উপস্থিতিতে জব্দকৃত জালগুলো উপজেলা চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো এলাকার হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেনসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে কঁচা নদীর আলীর খাল এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার সময় প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল, ৭-৮টি ইলিশা জাল ও কিছু জাটকা ইলিশ জব্দ করা হয়। জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে এবং মাছগুলো হতদরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়। মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান চলমান থাকবে।”
উল্লেখ্য, সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে থেকে নিয়মিত অভিযান পরিচালনা করছে।