মোঃ হাচান আল মামুন ,খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৫ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন বাজারের ১৫ থেকে ২০টি দোকানে ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় জনগণ, বিজিবি, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশ নেন। তাদের সমন্বিত ও দ্রুত পদক্ষেপে প্রায় এক ঘণ্টার চেষ্টায়, রাত ২টা ৪৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজারের একটি গাড়ির ওয়ার্কশপ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ইলেকট্রিক শর্ট সার্কিট, কয়েল বা সিগারেটের আগুন থেকেও আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ থেকে ৬০ লাখ টাকা বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দিয়েছে।