মুন্সিগঞ্জে প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়নের ১নং ওয়ার্ড ও পাঁচগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এ উঠান বৈঠক শেষে ফজুশাহ বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম।
বক্তব্যে তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের শক্তি। ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হতে পারলে মুন্সিগঞ্জের দীর্ঘদিনের সমস্যা— বিশেষ করে নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বেকার সমস্যা দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করা হবে।”
তিনি আরও বলেন, “এই অঞ্চলের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করতে আমরা বদ্ধপরিকর। তাই আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।”
উঠান বৈঠক শেষে ফজুশাহ বাজারে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী জনগণের পাশে থাকতে চায়। এসময় তারা শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ি উপজেলা সহকারী সেক্রেটারি ও পাঁচগাঁও ইউনিয়ন সভাপতি মাস্টার শহিদুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুস ছালাম, আড়িয়ল ইউনিয়ন সভাপতি আফজাল হোসাইনসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ।
স্থানীয়রা জানান, উঠান বৈঠকে জনগণের সমস্যা নিয়ে সরাসরি আলোচনা করা হয় এবং ভবিষ্যতে এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রস্তাবও উত্থাপিত হয়।