আমজাদ শিবলু , সেনবাগ
নোয়াখালীর সেনবাগ থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. মোহন মজুমদার (৩৫) আর নেই। দায়িত্ব শেষ করে সহকর্মীদের সঙ্গে একই ব্যারাকে ঘুমিয়েছিলেন তিনি, কিন্তু আর জেগে ওঠেননি। শনিবার (৪ অক্টোবর) বিকেলে ঘুমন্ত অবস্থায় তার নিথর দেহ পাওয়া গেলে থানাজুড়ে নেমে আসে শোকের ছায়া।
সেনবাগ থানার ওসি (তদন্ত) হযরত আলী স্থানীয় সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে দায়িত্ব পালন শেষে শনিবার ভোরে ব্যারাকে ঘুমিয়ে পড়েন কনস্টেবল মোহন। দীর্ঘ সময় ঘুম থেকে না ওঠায় বিকেল সাড়ে তিনটার দিকে সহকর্মীরা তাকে ডাকতে যান। তখন দেখা যায়, তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। দ্রুত উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মীদের চোখে অশ্রু, কেউই বিশ্বাস করতে পারছেন না এমন মৃত্যুকে।
পুলিশ সূত্রে জানা গেছে, মোহন মজুমদার ২০১০ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেন। গত ৫ আগস্ট তিনি সেনবাগ থানায় বদলি হয়ে আসেন। কর্মঠ ও সদালাপী এই পুলিশ সদস্যের বাড়ি কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে। তার অকাল মৃত্যুতে স্ত্রী ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য সহকর্মী, স্বজন ও এলাকাবাসী গভীর শোকাহত।
থানার সহকর্মীরা বলছেন মোহন ভাই ছিলেন সবার প্রিয়, হাসিখুশি মানুষটা চলে গেলেন চিরদিনের জন্য। আজ এশারের নামাজ শেষে কনস্টেবল মোহন মজুমদারের সেনবাগ থানায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে লাশ দাফনের জন্য তার নিজ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।