নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়ায় নারিকেল গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত উল্লাহ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার সরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে স্থানীয়দের সহযোগীতায় নারিকেল গাছের উপর থেকে মরদেহ উদ্ধার করে।
সিফাত উল্লাহ উপজেলার বলাইশিমুল ইউনিয়নের শহীদুল্লাহ মিয়ার ছেলে সিফাত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিফাত সকালে নারিকেল পাড়ার জন্য গাছে ওঠে। এ সময় হাতে থাকা বটি দিয়ে একটি কাঁচা ডাল কাটতে কুপ দেয় সে। পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারের মধ্যে বটির কূপ পড়ে। এতে সঙ্গে সঙ্গে গাছটি বিদ্যুতায়িত হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় সিফাত।
খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নিহতের মরদেহ নারিকেল গাছ থেকে নামিয়ে আনে। সিফাতের এই মর্মান্তিক মৃত্যু ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সরাপাড়া গ্রামে নারিকেল গাছে উঠে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে সিফাত নামের এক কিশোর মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।