আমজাদ শিবলু : সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৩টি পূজা মণ্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বিএনপি নেতা আবদুল মান্নান। তিনি সৌদি আরব পশ্চিমাঞ্চলীয় বিএনপির আহ্বায়ক ও নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী।
বুধবার রাতে তার পক্ষ থেকে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসব অনুদান পৌঁছে দেন। অনুদান প্রদানের আগে নেতৃবৃন্দ পূজা মণ্ডপগুলো সরেজমিনে পরিদর্শন করেন এবং মন্দির কর্তৃপক্ষের হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় পূজা উদ্যাপন পরিষদের নেতারা বিএনপি নেতাদের আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীএ সময় বক্তারা বলেন, সব ধর্মের মানুষের সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে বিএনপি সবসময় পাশে আছে এবং থাকবে। ধর্ম যার যার, উৎসব সবার এই মূলনীতিকে সামনে রেখে দলীয় নেতারা সারাদেশে দুর্গাপূজায় সহায়তা অব্যাহত রাখছেন।