নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর চরাঞ্চলে আবারও দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত হয়েছেন। আজ সোমবার সকালে সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
নিহত সাদেক হোসেন (৪২) আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের রুপ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিমউল্লাহ গুলিতে একজন নিহত ও সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গত কয়েকদিনে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে প্রান হারিয়েছে এখন পর্যন্ত দুইজন। এরই জের ধরে সোমবার সকালে পুনরায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত হন সাদেক হোসেন। এসময় আরও বেশ কয়েকজন আহত হন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ জানান, আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন। কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।