আক্কাছ আলী মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় স্টার লাইন পরিবহনের একটি বাসচাপায় শ্রাবন্তী (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রাবন্তী গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। তিনি বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া বড়কান্দী গ্রামের হানিফ মিয়ার মেয়ে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ সহপাঠীসহ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন শত শত যাত্রী ও চালক।
প্রায় তিন ঘণ্টা অবরোধ চলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে দেয়। তবে বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ধীরগতিতে চলতে থাকে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, নিহতের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক পরিবহন চিহ্নিত করা হয়েছে এবং সেটি আটক করতে অভিযান চলছে।