আক্কাছ আলী মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে ফেরার পথে সিনেমার দৃশ্যের মতো ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। পথে মোটরসাইকেল আরোহীরা গাড়ি থামিয়ে নববধূকে জোর করে নামিয়ে নিয়ে যায়। এসময় অসহায় বরকে একা বাড়ি ফিরতে হয়। ঘটনাটি ঘটে শুক্রবার বিকালে সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরযাত্রীরা নববধূকে নিয়ে ফেরার সময় হঠাৎ কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। এরপর তারা গাড়ি থেকে নববধূকে জিম্মি করে নিয়ে যায়।
বর মুরাদ বেপারী, টংগিবাড়ী উপজেলার পুরা শিবির এলাকার মৃত শফি বেপারীর ছেলে। তার নববধূ সুমাইয়া আক্তার মিরকাদিম পৌরসভার পুকুরপাড় বাশতলা এলাকার মো. সুমনের মেয়ে। ছয় মাস আগে তাদের কাবিন হলেও শুক্রবার নির্ধারিত দিনে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন হয়।
বর মুরাদ অভিযোগ করে বলেন, “বিয়ের দিন খাবার পরিবেশন নিয়ে কনে ও বর পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়েছিল। সেই বিরোধ থেকেই কনের ভাই কয়েকজন সহযোগী নিয়ে এ ঘটনা ঘটিয়েছে।”
স্থানীয়রা বলছেন, প্রকাশ্যে এভাবে নববধূ ছিনিয়ে নেওয়ার ঘটনা আগে শোনা যায়নি। এতে এলাকাজুড়ে ভীতির পরিবেশ তৈরি হয়েছে।
পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।