মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কয়কীর্ত্তনে আমগাছে দুই হাত বাঁধা অবস্থায় রফিক শেখ (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে এ ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনগরের রানা শেখের একতলা বাড়ির ছাদের পাশে থাকা আমগাছে মরদেহ ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত রফিক শেখ একই এলাকার বাসিন্দা। তিনি চার ছেলে ও দুই মেয়ের জনক। করোনাকালে স্ত্রী মারা যাওয়ার পর থেকেই তিনি কিছুটা মানসিক চাপে ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মাসে ১০ হাজার টাকা বেতনে তিনি পাশের রানা শেখের বাড়ি দেখাশোনা করতেন।
নিহতের বড় মেয়ে জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে তিনি বাবার সঙ্গে কথা বলেন। তখন রফিক শেখ তাকে জানান, রানা শেখের বাড়িতে রাতে অচেনা লোকজনের আনাগোনা হয়। এরপর ঘর থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। ভোররাত ৪টার দিকে মেয়ে খুঁজতে গিয়ে দেখেন, ছাদের পাশে আমগাছে বাঁধা অবস্থায় বাবার মরদেহ ঝুলছে।
চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে দড়ি কেটে লাশ নিচে নামান। তবে ততক্ষণে রফিক শেখ মারা গেছেন। পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, সুরতহালে মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা—তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে।