সোহেল রানা,সিংগাইর
মানিকগঞ্জের সিংগাইরে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও আদালতের আদেশ উপেক্ষা করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এতে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চান্দহর ইউনিয়নের মানিকনগর বাজারের ওয়াইজনগর মৌজার ২২১ খতিয়ানের ৬৩ নং আরএস দাগের জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি আদালতে উঠলে আদালত বিরোধপূর্ণ ওই জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন।
তবে আদালতের রায় অমান্য করে প্রভাবশালী একটি পক্ষ সেখানে স্থাপনা নির্মাণ শুরু করে। খবর পেয়ে ভুক্তভোগী পক্ষ ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়। কিন্তু কিছুদিন পর পুনরায় সেখানে কাজ শুরু হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রভাবশালী কিছু ব্যক্তি রাজনৈতিক ও সামাজিক প্রভাব খাটিয়ে আদালতের আদেশকে অমান্য করছেন। এতে ন্যায়বিচার বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে।
অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ আব্বাস আলীর মেয়ে জামাই ইঞ্জিনিয়ার রাশেদ বলেন, “আদালতে মামলা চলমান রয়েছে। বিষয়টি আমাদের আইনজীবী দেখছেন। নিষেধাজ্ঞার ব্যাপারটিও তিনি দেখছেন। আমাদের জমিতেই আমরা কাজ করছি। এই দাগে আমরা ১১ শতাংশ জমিতে কাজ করছি।”
এ বিষয়ে বাঘুলি শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আরবিকুল ইসলাম বলেন, “৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে বিস্তারিত জানতে হলে সরেজমিনে আসতে হবে।”
স্থানীয়রা জানান, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের ফলে এলাকায় উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।