সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুরে অবৈধভাবে বালু পরিবহনকালে চারজনকে আটক করে দুই মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত । গতকাল রাতে অভিযান পরিচালনা করে কারাদণ্ড প্রদান করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বিষম্ভপুর উপজেলার মনবেগ গ্রামের আব্দুল জব্বারের ছেলে বাচ্চু মিয়া (৪০), মিয়ারচর গ্রামের তাহের আলীর ছেলে ইছব আলী (৩০) একই গ্রামের আবুল কাশেমের ছেলে মাসুক মিয়া (১৯) এবং পাশ্ববর্তী জামালগঞ্জ উপজেলার উজ্জলপুর গ্রামের রামগোবিন্দ দাসের ছেলে প্রলয় দাস (৫২)।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, বালু লুটের অপরাধে তাদের প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, নদী ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, সরকারি সম্পদ রক্ষায় পুলিশ প্রশাসন সর্বদা সমন্বিতভাবে কাজ করছে। যেকোনো ধরনের অবৈধ বালু পরিবহন দমন করা হবে।