পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ।
এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. আসাদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সাত্তার হাওলাদার, গণআধিকার পরিষদের গলাচিপা উপজেলা সভাপতি মো. হাফিজুর রহমান ,
বাংলাদেশ জামাতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার আমীর মো. জাকির হোসাইন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা গলাচিপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার পাশাপাশি মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, জুয়া ও সামাজিক অপরাধ দমন, চুরি-ডাকাতি প্রতিরোধসহ সামগ্রিক নিরাপত্তা বাড়াতে করণীয় বিষয়ে আলোচনা করেন। এছাড়া নদী ভাঙন পরিস্থিতি, বাজার মনিটরিং, পরিবেশ সুরক্ষা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “জনগণের সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। তাই সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশাসন সবসময় জনগণের পাশে রয়েছে।”
অংশগ্রহণকারীরা ঐক্যবদ্ধভাবে গলাচিপাকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নয়নমুখী উপজেলা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।