মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিয়াউল হক (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়াউল হক নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকার আব্দুর রহমানের ছেলে। জীবিকার তাগিদে তিনি গজারিয়ার ভাটেরচর এলাকায় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন।
সহকর্মীদের বরাতে জানা যায়, জিয়াউল হক ওই নির্মাণাধীন ভবনে ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সহকর্মী শ্রমিক মিজান বলেন, “আমরা সবাই একসাথে কাজ করছিলাম। হঠাৎ জিয়াউল ভাই ড্রিল মেশিন ধরতেই শরীরে বিদ্যুৎ লাগে। আমরা তাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু করার আগেই তিনি অচেতন হয়ে পড়েন।”
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, এ ধরনের একটি দুর্ঘটনার খবর তারা পেয়েছেন। তিনি বলেন, “ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। বিস্তারিত তথ্য যাচাই করে পরে জানানো হবে।