আমজাদ শিবলু : সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় এসেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির উদ্যোগে লটারীর মাধ্যমে নির্বাচিত দুইজন অসচ্ছল ব্যক্তিকে লাখপতি ঘোষণা করে প্রত্যেককে দুই লাখ টাকা, চারজন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি এবং ক্যান্সারসহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১১ রোগীর হাতে চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমি প্রাঙ্গণে এই অনুদান বিতরণ অনুষ্ঠানে একাডেমির সিইও আব্দুস সাত্তারের
সভাপতিত্বে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাবরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এসএফ গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক সৈয়দা সাজেদা রশিদ শেলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের পরিচালক এবিএম শাহাদাত হাসান,
ছিলানিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবদুল মতালব দুলাল, বিএনপি নেতা মির্জা সোলাইমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল মাজেদ এবং সংগঠনের সভাপতি কাউছার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অনগ্রসর ও অসহায় মানুষের কল্যাণে সৈয়দ হারুন ফাউন্ডেশনের এ কার্যক্রম অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণ সম্প্রতি সংগঠনটি স্বপ্নের বাজার প্রকল্পের মাধ্যমে সমাজের অসচ্ছল হতদরিদ্রদের নিজের ইচ্ছে মত বাজার করার ব্যবস্থা করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
এছাড়াও ফাউন্ডেশনটি নিয়মিতভাবে শিক্ষার্থীদের সহায়তা, চিকিৎসা ব্যয় বহন, অসহায় পরিবারকে বিশেষ অনুদান, মসজিদ-মাদ্রাসায় দান এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য।
” স্থানীয়দের মতে, সৈয়দ হারুন ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রম শুধু সেনবাগ নয়, পুরো এলাকায় দৃষ্টান্ত হয়ে উঠেছে। এর মাধ্যমে অসহায় ও প্রান্তিক মানুষেরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে।