নাজমুল হক চৌধুরী, নরসিংদী
নরসিংদীর চরাঞ্চলের আলোকবালীতে ঘটে যাওয়া বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন যমুনা টিভির নরসিংদীর স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদী সদর হাসপাতালের ভেতরে এই ঘটনা ঘটে। এই হামলায় আহত সাংবাদিকের মাথা ফেটে গেছে। হামলার কয়েকটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযো গমাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় উঠে জেলা জুড়ে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ফরিদা গুলশানারা কবির বলেন, ঘটনার পরে তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলায় তাঁর মাথা ফেটে গেছে। মাথার ডান পাশে চারটি সেলাই লেগেছে। মাথায় আঘাতের কারণে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সাংবাদিকেরা জানান, নরসিংদীর আলোকবালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহের জন্য হাসপাতালের ভেতরেই অবস্থান করছিলেন আইয়ুব খান সরকার। এসময় আলোকবালি ইউনিয়ন বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদক কাইউয়ুমকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেন তাঁর সমর্থকেরা। একপর্যায়ে তাঁরা লাঠিসোঁটা দিয়ে উপুর্যপরি আঘাত করলে আইয়ুবের মাথা ফেটে যায়। পরে অন্যান্য সাংবাদিক ও উপস্থিত লোকজনের সহায়তায় হাসপাতালের ভেতরে নেওয়া হয় তাঁকে।
এই ঘটনায় নরসিংদী জেলা জুড়ে সাংবাদিক মহল সহ সর্বস্তরের জনসাধারণ চিহ্নিত এসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানিয়েছে।
অতিরক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, সাংবাদিক আইয়ুব খানের ওপর হামলার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে