জাবের হোসেন (ফটিকছড়ি প্রতিনিধি )
জাতীয় শিক্ষক দিবস–২০২৫ উপলক্ষে ফটিকছড়ি উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় থেকে “গুণী প্রধান শিক্ষক” হিসেবে নির্বাচিত হয়েছেন ধুরুং আতরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোহরা খানম।
দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রমে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তিনি। তার নেতৃত্বে বিদ্যালয়ে পাঠদানের মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বৃদ্ধি, সৃজনশীল শিক্ষণ পদ্ধতির প্রসার এবং সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।
বিশেষ করে অসচ্ছল ও প্রান্তিক পরিবারের শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা এবং তাদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
শিক্ষক সমাজে নেতৃত্ব প্রদান, সহকর্মীদের সহযোগিতা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতেও অগ্রণী ভূমিকা পালন করেছেন জোহরা খানম। তার এই অনন্য অবদানকে মূল্যায়ন করেই জাতীয় শিক্ষক দিবসে উপজেলা পর্যায়ে তাকে “গুণী প্রধান শিক্ষক” হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এ অর্জনে অভিভাবক, সহকর্মী ও স্থানীয় শিক্ষানুরাগীরা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন তার এ স্বীকৃতি অন্য শিক্ষকদেরও অনুপ্রেরণা জোগাবে।
অভিনন্দনা উপলক্ষে জোহরা খানম বলেন,
“আলহামদুলিল্লাহ, আমি সবার কাছে কৃতজ্ঞ। গুণী শিক্ষক হওয়ার পেছনে আমার শিক্ষার্থীরাই মূল শক্তি। যদি বিদ্যালয়, সহকর্মী ও অভিভাবকদের সহযোগিতা না পেতাম, এ স্বীকৃতি অর্জন সম্ভব হতো না। আমার একমাত্র ইচ্ছা আমার বিদ্যালয় ও এলাকা আরও উন্নত হোক, অভিভাবকরা সন্তুষ্ট থাকুক।
এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যম। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মধ্যে সেই বোধ জাগিয়ে তুলতে এবং শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যেতে চাই।”
উল্লেখ্য, এই গুণী শিক্ষিকা এর আগে ২০১১, ২০১৩ ও ২০১৬ সালে তিনবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।