রাশিমুল হক রিমন, বরগুনা
বরগুনার আমতলী উপজেলার কালিবাড়ী ন.ম.ম আমজাদিয়া আলিম মাদ্রাসায় দাওয়াত না দেয়ায় ক্ষুব্ধ হয়ে খাবার খেয়ে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসেন জানান, গুলিশাখালী ইউনিয়ন শ্রমিকদল সভাপতি রিপন কাজী ও ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব কাজীর নেতৃত্বে ৩০-৩৫ জন নেতাকর্মী মাদ্রাসায় প্রবেশ করে শিক্ষক ও অতিথিদের গালাগাল করেন। পরে তারা অতিথিদের জন্য রান্না করা খাবার খেয়ে ফেলেন এবং অবশিষ্ট খাবারে টিস্যু, উচ্ছিষ্ট খাবার ও নোংড়া পানি ফেলে নষ্ট করে দেন।
জানা যায়, গত ৪ সেপ্টেম্বর মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। নতুন কমিটির প্রথম সভা উপলক্ষে ৫০ জন অতিথির জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়েছিল।
তবে ওই সভায় বিএনপির নেতাকর্মীদের দাওয়াত না দেয়ায় তারা ক্ষুব্ধ হন এবং এ ধরনের ঘটন ঘটান বলে অভিযোগ। এ ঘটনার পর বিএনপি নেতা রিপন কাজী সামাজিক যোগাযোগ মাধ্যমে খাবার খাওয়ার সময়ের ছবি পোস্ট করলে বিষয়টি ভাইরাল হয়ে যায়।
অভিযোগের বিষয়ে মাহবুব কাজী খাবার খাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, “আমাদের বাদ দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠান করায় আমরা ক্ষুব্ধ হয়ে খাবার খেয়েছি। তবে খাবার নষ্ট করিনি।”
ঘটনার নিন্দা জানিয়ে আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম মৃধা বলেন, “এটি অত্যন্ত গর্হিত কাজ। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।” একই সুরে আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা ও সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মামুনও বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে বরিশাল বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।”