আক্কাছ আলী মুন্সিগঞ্জ প্রতিনিধি
পদ্মা সেতুতে আজ সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো যুগান্তকারী নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। দেশের টোল আদায় ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো এ সেবার মাধ্যমে।
দুই পাড়ের চারটি নির্দিষ্ট বুথে এ সুবিধা পাওয়া যাবে। ফলে আর থামতে হবে না গাড়িচালকদের। নির্ধারিত ইটিসি লেনে ন্যূনতম ৩০ কিলোমিটার গতিতে গাড়ি চলাচল করলেই রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেওয়া হবে গাড়ির অ্যাকাউন্ট থেকে।
সেতুর সাইড ইঞ্জিনিয়ার আবু সাইদ জানান, ইটিসি সেবায় অংশ নিতে হলে ব্যবহারকারীদের প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের Tap অ্যাপ-এ গিয়ে ‘D-Toll’ অপশনে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ করতে হবে। এরপর সেতুর নির্ধারিত বুথে গিয়ে প্রথমবারের মতো আরএফআইডি ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। একবার প্রক্রিয়া শেষ হলে যেকোনো সময় নির্ধারিত লেন ব্যবহার করে নির্বিঘ্নে সেতু পার হওয়া যাবে।
বর্তমানে শুধুমাত্র ট্যাপ অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন ও রিচার্জের সুবিধা থাকলেও শিগগিরই অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাপও যুক্ত হবে বলে জানান তিনি।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জানিয়েছে, যদিও এটি ‘লাইভ পাইলটিং’ আকারে চালু হয়েছে, তবুও সবার জন্যই উন্মুক্ত থাকবে। পদ্মা সেতু চালুর পর থেকে বিশেষত ঈদযাত্রায় টোল প্লাজায় দীর্ঘ যানজট তৈরি হয়ে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে। ইটিসি চালুর মাধ্যমে সেই সমস্যা অনেকাংশে দূর হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০২৩ সালের জুলাইয়ে পরীক্ষামূলকভাবে পদ্মা সেতুতে ইটিসি চালু করা হয়েছিল। একই বছরের মধ্যে এটি উন্মুক্ত করার ঘোষণা দেওয়া হলেও কার্যকর হতে অপেক্ষা করতে হয়েছে দুই বছরেরও বেশি সময়।