সোহেল রানা,সিংগাইর প্রতিনিধি :
মানিকগঞ্জের সিংগাইরে খানাখন্দ ও গর্ত হয়ে যাওয়া রাস্তায় ইট-বালু ফেলে সাময়িক মেরামত করেছেন ধল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলতাফ হোসেন।
জানা যায়, বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ বাজার থেকে দক্ষিণপাড়া পর্যন্ত ভাঙা সড়কে এ কাজ করেন তিনি। জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন বাবুর অনুরোধে ও সাধারণ মানুষের সুবিধার্থে এ উদ্যোগ নেন আলতাফ হোসেন।
দীর্ঘদিন রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে থাকায় কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ার পাশাপাশি গর্ভবতী নারী ও রোগী পরিবহনে ভোগান্তি পোহাতে হয়। এছাড়া শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত করতেও চরম দুর্ভোগে পড়তে হয়। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তা কর্দমাক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
এ বিষয়ে আলতাফ হোসেন বলেন, “ছোটভাই সামসুদ্দিন বাবু বিষয়টি জানালে ইউপি সদস্য শেখ আনছার আলীসহ সম্মিলিতভাবে রাস্তাটি মেরামতের ব্যবস্থা করি। জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা আপার দিক নির্দেশনায় জনগণের স্বার্থে পাশে থেকে কাজ করে যাচ্ছি।”
রাস্তাটির স্থায়ী সংস্কারের দাবি জানিয়ে বক্তব্য দেন ইউপি সদস্য শেখ আনছার আলী ও বিএনপি নেতা শাহজাহান। এ সময় বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন, মো. আমজাদ হোসেন, মো. দ্বীন ইসলাম, মো. ইসরাফিল শিকদারসহ স্থানীয় শিক্ষার্থী ও অটোচালকরা উপস্থিত ছিলেন।