মুন্সিগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মুন্সিগঞ্জের আড়িয়াল বিলকে একটি মডেল পর্যটন এলাকায় রূপান্তর করা হবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলার গাদিঘাট এলাকায় আড়িয়াল বিলে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
মীর সরফত আলী সপু বলেন, “আড়িয়াল বিল দেশের একটি অমূল্য প্রাকৃতিক সম্পদ। এর জীববৈচিত্র্য রক্ষায় বিএনপি রাষ্ট্রীয়ভাবে কার্যকর উদ্যোগ নেবে। এখানে শুধু মাছ নয়, শস্য ও সবজি উৎপাদনেও সমান গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আড়িয়াল বিলকে একটি আধুনিক মডেল এলাকায় রূপান্তর করা হবে।”
কর্মসূচিতে মুন্সিগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব মো. আব্দুর রহিম, শ্রীনগর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আমীর হোসেন,
শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় নেতাকর্মীরা।
আড়িয়াল বিল দেশের অন্যতম বৃহৎ প্রাকৃতিক জলাভূমি। জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ বিলকে ঘিরে বহুদিন ধরেই পর্যটনকেন্দ্রিক সম্ভাবনার কথা বলা হচ্ছে।