আমজাদ শিবলু : সেনবাগ
নাঙ্গলকোটের বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক প্রীতি রঞ্জন পাল দীর্ঘ চার দশক ধরে ছুটির ঘণ্টা বাজানোর দায়িত্ব পালন শেষে অবশেষে নিজেই ছুটি নিলেন। রোববার বিদ্যালয় প্রাঙ্গণে তাকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা। স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাওলানা শফি উল্লাহ, অভিভাবক প্রতিনিধি মনির হোসেন, শিক্ষক প্রতিনিধি লক্ষণ চন্দ্র মজুমদারসহ অন্যান্য শিক্ষকরা। অনুষ্ঠানে বিদায়ী প্রীতি রঞ্জন পালকে সম্মাননা ক্রেস্ট, উপহারসামগ্রী এবং আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। শিক্ষার্থীরা মানবপাচিরের (গার্ড অব অনার) মধ্য দিয়ে তাকে বিদায় জানায়। পরে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মজিবুর রহমান মোল্লা বলেন,
“আজকের দিনটি আমাদের জন্য আবেগঘন ও বেদনাদায়ক। আমরা এমন একজন আত্মার আত্মীয়কে বিদায় দিচ্ছি, যিনি ৪০ বছর ধরে নিষ্ঠার সঙ্গে বিদ্যালয়কে সেবা দিয়েছেন। ভবিষ্যতে প্রয়োজনে আমরা তার পাশে থাকব।”
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকরা জানান, প্রীতি রঞ্জন পাল ছিলেন সকলের প্রিয় একজন মানুষ। দীর্ঘ কর্মজীবনে তিনি যেমন দায়িত্বশীল ছিলেন, তেমনি ছিলেন আন্তরিক ও সদালাপী। তার বিদায়ে বিদ্যালয় পরিবারে এক শূন্যতার সৃষ্টি হলো।