মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে বিষাক্ত মদপানে একদিনে চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে আরও তিনজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ এমন মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোক ও আতঙ্ক।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত সময়ের ব্যবধানে একে একে চারজনের মৃত্যু হয়। নিহতরা হলেন—কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) ও মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন—রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারী (২৬)।
এলাকাবাসীর ধারণা, কাঠাদিয়া গ্রামের মতি বেপারীর বাড়িতে অনুষ্ঠিত এক গায়েহলুদ অনুষ্ঠানে মদপানের ঘটনা ঘটে থাকতে পারে। তাদের দাবি, বিষাক্ত ও অতিরিক্ত মদপানের কারণেই মৃত্যুগুলো হয়েছে।
কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি তারা মদপান করেছিলেন। এরপরই অসুস্থ হয়ে পড়েন।”
তবে এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, এখন পর্যন্ত থানায় আনুষ্ঠানিক কোনো তথ্য আসেনি।