মোঃ তাজুল ইসলাম, (সুবর্ণচর প্রতিনিধি)
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ডাল ও তৈল বীজ বর্ধন খামার এবং বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) খামারে যথাযথ মর্যাদায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সুবর্ণচর প্রকল্পের আয়োজনে এ ফ্ল্যাগশিপ কর্মসূচি উদযাপিত হয়।
বিএডিসির প্রকল্প পরিচালক মোঃ আজিম উদ্দিন এর সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক রুসদ হক।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, ডিআইজি মো: রেজাউল করিম,ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী,ব্যারিস্টার নিহাদ কবির,ব্যারিস্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিন,ব্যারিস্টার আনিসুল হাসান, বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল সহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন ও ভবিষ্যৎ তরুণসমাজ তথা ছাত্রদের ওপর নির্ভর করে। আপনারা সেই সুভাগ্যবান উপজেলার মানুষ যে, এই মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের মতো নেতার জম্ম হয়েছে।
তার হাত ধরে তরুণ সমাজ এগিয়ে যাচ্ছে। আমার পক্ষ থেকে এই উপজেলার জন্য যে কোন প্রয়োজনে সহায়তা করবো।
বাংলাদেশের ইতিহাস ও উন্নয়নের ক্ষেত্রে তরুণদের রয়েছে এক উজ্জ্বল ও গৌরবান্বিত অধ্যায়। সর্বশেষ জুলাই পুনর্জাগরণে তরুণ ছাত্রসমাজই ছিল মূল নায়ক।
‘তারুণ্যের উৎসব-২০২৫’-এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে গাছের চারা বিতরণ, কৃষিভিত্তিক নাটিকা, কবিতা, বিতর্ক প্রতিযোগিতাসহ অন্যান্য কর্মসূচি পালিত হয়।