মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার সদর দক্ষিণে বৃদ্ধা নারীকে মারধর করে জমি দখল ও বালু ভরাটের অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে।
এ ঘটনায় নিউজ প্রকাশের পর জয়যাত্রা টিভি,দৈনিক সকালের কুমিল্লা প্রতিনিধি ও টাইমস নিউজের সম্পাদক ও প্রকাশককে দেখে নেওয়ার পাশাপাশি মামলার হুমকি দিয়েছেন অভিযুক্ত মেজবাহ উদ্দিন খন্দকার।
অভিযুক্ত মেজবাহ উদ্দিন খন্দকার কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের চাঙ্গিনী এলাকার বাসিন্দা এবং অ্যাংলো ইস্টার্ন কোম্পানির মেরিন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।
ভুক্তভোগী ৭৪ বছর বয়সী নাজমা বেগম জানান, তার পৈত্রিক জমিতে বহিরাগত সন্ত্রাসীদের সহায়তায় জোরপূর্বক দখল করে বালু ভরাট করেন মেজবাহ উদ্দিন। বাঁধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।
অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জসিম আহমেদ মজুমদার, নাজমা বেগমের ছেলে, অভিযোগ করে বলেন— বৃহস্পতিবার দুপুরে মেজবাহ উদ্দিন কয়েকজন সন্ত্রাসী নিয়ে তাদের জমির গেইট ভেঙে প্রবেশ করে, ফলের গাছ কেটে বালু দিয়ে ভরাট শুরু করে। এ সময় বাঁধা দিলে তার মাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখতে নির্দেশ দিলেও পরে আবারও বালু ভরাটের কাজ শুরু করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এদিকে বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের ভিডিও ধারণে বাধা দেওয়া হয়। পরে মেজবাহ উদ্দিন নিজেও সাংবাদিকদের হুমকি ও কটাক্ষ করেন। শুক্রবার বিষয়টি দৈনিক সকাল, জয়যাত্রা টিভি, টাইমস নিউজ ও ই-সময়ে প্রকাশিত হলে তিনি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে সাংবাদিকদেরকে দেখে নেওয়ার পাশাপাশি মামলা করার হুমকিও দেন।
উল্লেখ্য, পুলিশের নির্দেশ অমান্য করে পুনরায় কাজ শুরু করার বিষয়ে সাংবাদিকরা অভিযুক্ত মেজবাহ উদ্দিন খন্দকারকে প্রশ্ন করলে তিনি মন্তব্য করেন— “পুলিশ টাকা খেয়ে এমন নির্দেশ দিলে কেন মানবো।” তবে প্রমাণ চাইলে তিনি কোনো জবাব দিতে পারেননি।