কলাপাড়া (পটুয়াখালী) :
পটুয়াখালীর মহিপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বাজার মনিটরিং অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন পটুয়াখালী জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া।
অভিযানের সময় খাবার হোটেল-রেস্তোরাঁ, ফার্মেসি, মুদি দোকান, সার-বীজের দোকান, ফলের বাজার ও সবজির বাজারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মান ও মূল্য যাচাই করা হয়।
এসময় রয়েল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সোনালী মেডিকেল হল, মহাসিন স্টোর, ইলিয়াস স্টোর, নাসির স্টোর ও বায়োজিদ কসমেটিক্স মোট ৬টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এছাড়াও সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে খাদ্য ও পণ্যের মান বজায় রাখা এবং নির্ধারিত মূল্যে বিক্রি করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
সহকারী পরিচালক শাহ মোঃ শোয়াইব মিয়া বলেন, পটুয়াখালী জেলায় বাজার মনিটরিংয়ের জন্য বিশেষ টাস্কফোর্স কমিটির উদ্যোগে মহিপুর মৎস্যবন্দর এলাকায় এ অভিযান চালানো হয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে আমরা হোটেল-রেস্তোরাঁ, ফার্মেসি, মুদি দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্য ও পণ্যের মান এবং মূল্য নিয়ন্ত্রণে রাখার কাজ করছি।
তিনি আরো বলেন, কোনো ভোক্তা প্রতারিত হলে লিখিত অভিযোগ দিলে অবশ্যই প্রতিকার করা হবে। আর যারা ক্রেতাদের সঙ্গে প্রতারণা করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।