রাজধানীর আদাবর এলাকায় পুলিশ সদস্য আল আমিনকে কোপানোর ঘটনায় রাতভর অভিযানে ১০২ জনকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানিয়েছেন, আটককৃত সবাই বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য। কারা সরাসরি কোপানোর ঘটনায় জড়িত তা যাচাই-বাছাই চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে টহল পুলিশ সুনিবিড় হাউজিং এলাকায় যায়। সেখানে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে সংঘাত চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন পুলিশ সদস্য আল আমিন। এ ঘটনায় আরও অন্তত দুজন জখম হন।
প্রাথমিক তথ্যে জানা যায়, ওই এলাকায় এক ব্যক্তিকে আটকে টাকা আদায়ের চেষ্টা করছিল কিশোর গ্যাংয়ের সদস্যরা। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা হামলা চালায়।
ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসান বলেন,
“এ ঘটনায় ১০২ জনকে আটক করা হয়েছে। কারা হামলার সঙ্গে জড়িত, তা যাচাই করে দেখা হচ্ছে। অভিযান অব্যাহত আছে।”
পুলিশ সূত্রে জানা যায়, আহত পুলিশ সদস্য আল আমিন আদাবর থানার গাড়িচালক। তিনি একটি পিকআপে করে অন্য পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।