মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া এলাকায় আয়নাল হক (৬৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩১ আগস্ট) সকালে পূর্ব আটপাড়া গ্রামে নিজ বসতবাড়ির পাশে একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আয়নাল হক ওই গ্রামেরই বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, সকালে কলাবাগানে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এলাকার বাসিন্দা আমেনা বেগম বলেন, “সকালে বাগানের ভেতর মরদেহ পড়ে থাকতে দেখে আমরা হতবাক হয়ে যাই। তিনি খুবই শান্ত স্বভাবের মানুষ ছিলেন। কে বা কারা তাকে হত্যা করেছে আমরা কিছুই বুঝতে পারছি না।”
স্থানীয় যুবক শহিদুল ইসলাম বলেন, “আয়নাল চাচা দীর্ঘদিন ধরে কৃষিকাজ করতেন। এলাকায় সবার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। এভাবে তাকে মেরে ফেলা আমাদের জন্য বড় ধাক্কা।”
নিহতের স্ত্রী শাহিদা বেগমের বরাতে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান জানান, গতকাল শনিবার রাত আটটার পর থেকে আয়নাল হক নিখোঁজ ছিলেন।
পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরদিন সকালে স্থানীয়রা বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।
ওসি আরও বলেন, মরদেহের শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যাকাণ্ড কিনা, সে বিষয়ে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।