শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নওপাড়া এলাকায় রাতের আঁধারে চলছে অবৈধ বালু উত্তোলন। এলাকাবাসীর অভিযোগ, নওপাড়ার আশ্রয় প্রকল্প সংলগ্ন দেওকান্দি ও বানাদেশ এবং শিবসন এলাকায় “এমবি বাবু দেওয়ান” নামের একটি ড্রেজারের মাধ্যমে দীর্ঘদিন ধরে বালু তোলা হচ্ছে।
স্থানীয়দের দাবি, ড্রেজারটি মূলত কাঁচিকাটার ড্রেজার। যা নদীর তলদেশ থেকে বালু তুলে চারপাশের বসতবাড়ি ও স্থাপনার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এতে আশ্রয় প্রকল্পের ঘরবাড়ি, কৃষিজমি ও আশপাশের স্থাপনা হুমকির মুখে পড়েছে।
অভিযোগ রয়েছে, বালু কাটার এই স্থান দিয়ে ৩৩ কেভি বিদ্যুৎ লাইন অতিক্রম করেছে, যা দিয়ে প্রায় ৪০ হাজার পরিবারে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
স্থানীয়দের আশঙ্কা, অব্যাহত ড্রেজিংয়ের কারণে মাটির ক্ষয় হলে এই বিদ্যুৎ লাইন যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারে। এতে ব্যাপক জনদুর্ভোগ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, অবৈধভাবে বালু কাটার পেছনে প্রভাবশালীদের হাত রয়েছে। এ কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। তবে নীরবে সাধারণ মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
একজন নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসী বলেন,
“রাতে ড্রেজার চালিয়ে বালু তোলা হচ্ছে। আমরা ভয় পেয়ে কিছু বলতে পারি না। কিন্তু এভাবে চলতে থাকলে আমাদের আশ্রয় প্রকল্প ও ফসলি জমি নদীতে ভেঙে যাবে।”
স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসন যেন এ বিষয়ে ব্যবস্থা নেয় এবং অবৈধ ড্রেজারটি ধ্বংস করে দেয়। নইলে এলাকায় ভাঙন ও দুর্ঘটনার ঝুঁকি ক্রমেই বাড়বে।
এ বিষয়ে নড়িয়া উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “এ ধরনের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”