আমজাদ শিবলু : সেনবাগ উপজেলা প্রতিনিধি
রহস্যজনক বিষক্রিয়ার শিকার হয়ে মাত্র পাঁচ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে । মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া পশ্চিমপাড়ার আলী আহম্মদ মাস্টার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
শিশুটির নাম লাইবা, স্থানীয় সাতবারিয়া ফকিরহাট বাজারের ব্যবসায়ী জিয়াউল হক লিটন ও শারমিন আক্তার দম্পতির সন্তান। চার ভাইবোনের মধ্যে সে ছিল সবার ছোট। সন্তানের আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিশুটির বাবা জিয়াউল হক লিটন জানান, সকালে স্ত্রী শারমিন আক্তার মেয়েকে বিছানায় শুইয়ে রেখে গৃহকর্মে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ঘরে ফিরে গিয়ে দেখেন শিশু লাইবা অচেতন। দ্রুত তাকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, ঘুমন্ত অবস্থায় কোনো বিষাক্ত প্রাণীর আক্রমণে শিশুটি মারা যেতে পারে।
ঘটনার পরপরই শিশুটির বাড়িতে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয় মানুষের ভিড় জমে যায়। কেউ কেউ এটিকে রহস্যজনক মৃত্যুও মনে করছেন। স্থানীয়রা শিশুটির আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন