যশোরের চৌগাছায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, “নির্বাচিত হলে আমি বেগম পাড়ায় কোনো বাড়ি করবো না। আমি গত ৩০ বছর লন্ডনে থেকেছি। সেখানে আল্লাহর ইচ্ছায় বেশ কয়েকটি বাড়ি করেছি।”
তিনি আরও বলেন, “আমিরে জামায়াত যেটা বলেছেন, আমিও সেটাই বলছি। নির্বাচিত হলে আমাদের সম্পদ বাড়বে না বরং কমবে।”
এ সময় তিনি চৌগাছা-ঝিকরগাছা এলাকার উন্নয়নের পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, “নির্বাচিত হলে আমি জনগণের সেবায় কাজ করবো, আর নির্বাচিত না হলেও আমি এখানকার জনগণের পাশে থাকবো। যেকোনো ধরনের উন্নয়ন কাজে অংশ নেবো।”
মতবিনিময় সভা শুরু হয় মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল তিনটায় প্রেসক্লাব চৌগাছা ভবনে। সভায় ডা. ফরিদ চৌগাছা-ঝিকরগাছার উন্নয়নে তার পরিকল্পনা তুলে ধরেন এবং উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি দৈনিক ইত্তেফাকের চৌগাছা সংবাদদাতা অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ডা. ফরিদ চৌগাছা-ঝিকরগাছা এলাকার উন্নয়নে সকলের সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, “আমি নির্বাচিত হতে পারি বা না-ই পারি, আমি জনগণের পাশে থাকবো। যদি অন্য কাউকে নির্বাচিত করা হয়, তবুও আমি তার নেতৃত্বে কাজ করবো।”